ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টানা ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে আজ রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল ফেরি চলাচল।
এসময় উভয় পাড়ে আটকে পড়ে তিন শতাধিক যানবাহন। এরমধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক যানবাহন এবং দুই শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার করার পর পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রাত সাড়ে দশটার দিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। ফলে যাত্রী এবং যানবাহনের জানমালের নিরাপত্তা রক্ষায় নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে চারটি ফেরিকে নোঙর করে রাখা হয়।
এদিকে, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৯টা থেকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে নোঙর করে রাখা হয় দুইটি ফেরি। সকাল সাড়ে ৯টায় ঘন কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় এই রুটে।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত
অগ্রাধিকার ভিত্তিতে আটকে থাকা যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করা হচ্ছে এবং পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে বলে জানা গেছে।
একাত্তর/জো