নোয়াখালীতে নুুরের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত দাবি করে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে নোয়াখালী সুধারাম মডেল থানায় অভিযোগটি দেন সংগঠনটির জেলা সভাপতি সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অভিযোগ পত্রে উল্লেখ, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নুরকে ইজরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করতে দেখা গেছে। তাদের দাবি, বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করতে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যা দেশ বিরোধী। 

অভিযোগকারীর দাবি, হজের নাম করে বিদেশে গিয়ে নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির চক্রান্তে লিপ্ত হয়েছে। 

অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। 


আরও পড়ুন: নুরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বৈঠকের অভিযোগ, শাস্তি দাবি

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নোয়াখালী জেলা সভাপতি সাফায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, নুরুল হক নুর রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিষয়টি দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আমরা চাই এ বিষয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে আইনের আওতায় আনুক।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসি