কুমিল্লার চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে ব্যাটারি চালিত অটোরিকশার কিশোর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার থেকে মরদেহটি উদ্ধার হয়।
জানা গেছে, অটোচালক রাশেদ মিয়া (১৪) চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে।
নিহতের বাবা মশিউর রহমান জানান, রাশেদ প্রতিদিনের মতো বুধবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে দেখেন তার ছেলে রাশেদের মরদেহ। তবে তাকে কে বা কারা হত্যা করতে পারে, সে ব্যাপারে কিছুই তিনি বলতে পারেননি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তারা শামুকসার এলাকায় ধানক্ষেতের পাশে একটি পরিত্যক্ত অটোরিকশা দেখতে পান এবং ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: শেরপুরে ককটেলসহ জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসে। মরদেহটির পেটে একটি গভীর ক্ষত রয়েছে। নিহতের স্বজন মরদেহের পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো