নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদরের ভাওয়াল মির্জাপুর এলাকার পূর্বডগরী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত কিশোরী রেশমা আক্তার রংপুর জেলার শ্যামপুর কলেজপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পূর্বডগরী এলাকায় ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে নিহত রেশমা আক্তার তার দাদা-দাদীর সাথে রংপুরে নিজ বাড়িতে থেকে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন। গত মাসের শেষ সপ্তাহে স্কুল ছুটি থাকায় রেশমা বাবা-মায়ের কাছে গাজীপুরে পূর্বডগরীতে বেড়াতে আসেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর ওই ভাড়াবাড়ি থেকে নিখোঁজ হন রেশমা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন: রেললাইন থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

গাজীপুর সদর মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো