কুমিল্লার মুরাদনগরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) মুরাদনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা।
পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, জাকির হোসেন বেশ কিছুদিন ধরে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছিল।
বুধবার সকালে প্রতিদিনের মতো ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় জাকির হোসেন গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে।
পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
এসময় নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে গ্রেপ্তার করে দণ্ডবিধি ৫০৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের অভিযোগের ভিত্তিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।