নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আবারও অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে উপজেলার হাটাব এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান জানান, গত কয়েক বছর ধরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়ে একটি ক্ষমতাসীন প্রভাবশালী মহল উপজেলা বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দিয়েছে। গত বছরের শুরু থেকে সেসব সংযোগ চিহ্নিত করে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত হাটাব এলাকায় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন: চীনে এক সপ্তাহে ছয় হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত অবৈধ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ অংশগ্রহণ করে।