ঘরে সিঁদ কেটে মা ও দুই সন্তানকে কোপালো দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশুকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতের কোনো একসময় উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে অচেতন ও আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

জানা গেছে, আহতরা হলেন ওই গ্রামের ইটভাটা শ্রমিক মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫) ও তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। 

স্থানীয় লোকজন জানান, মনির পার্শ্ববর্তী উপজেলা নবীনগরে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সিঁদ কেটে তার ঘরে ঢুকে তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাথাড়ি কুপিয়ে রেখে যায়। সকালে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তিনজনকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: কুমিল্লায় ১১টি চোরাই মোটরসাইকেলসহ ৯ চোর আটক 

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরে থাকা ছাগল চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে।


একাত্তর/জো