সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এতে বন্ধ হয়ে যায় সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানটি ১৪৮ যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো এবং তারা সবাই সুরক্ষিত আছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি উড়ার সময় রানওয়েতে এ ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৪৮ যাত্রী নিয়ে বোয়িং-৭৩৭ মডেলের বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুপুর সোয়া একটার দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। এ সময় বিকট শব্দে বিমানের একটি চাকা ফেটে যায়। এ ঘটনা পর বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানের চাকা মেরামতের কাজ চলছে।
আরও পড়ুন: ২৮ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য বিভাগ
তারা জানান, বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।যাত্রীদের লাউঞ্জে রাখা হয়েছে। তাদের অন্য বিামনে ঢাকায় পাঠানো হবে।
সূত্র জানায়, বিকেল পৌনে চারটার দিকে রানওয়ে থেকে আটকাপড়া উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। পরে প্রায় তিন ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়।
একাত্তর/এসি