মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় তিন ভারতীয় আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তিন ভারতীয় নাগরিককে ১২ লাখ টাকা, সাতটি স্মার্টফোন ও ল্যাপটপসহ আটক করেছে বিজিবি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাগর দাউদ বিশ্বাস, প্রাদনিয়া ও শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি। তারা একই পরিবারের সদস্য ও ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাগর দাউদ বিশ্বাস ও প্রাদনিয়া দম্পতিকে তাদের শিশুকন্যাসহ আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে বাংলাদেশি ১২ লাখ টাকা, সাতটি স্মার্টফোন, দুইটি হাতঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করে বিজিবি। 

আরও পড়ুন: বাসের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত

৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তারা।


একাত্তর/জো