রাজবাড়ী থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় রাজবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: ইফতেখায়রুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার মো: মেজবাউল হক, তাম্বুল খানা এলাকার সেলিম হাওলাদার ওরফে সেলিম বাবু, যশোর জেলার মো: লিখন মিয়া ও নরসিংদি জেলার রিফাত হোসেন ওরুফে ফেলাইনা।
সাংবাদিক সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাৎ হোসেন, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: ইফতেখায়রুজ্জামান বলেন, গত ২৯ নভেম্বর রাত ২ টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হাসানের ইটভাটার পাশে নিজ বাড়ির উঠান থেকে পলাশ খোন্দকারের প্রাইভেটকারটি চুরি হয়ে যায়। এ ব্যপারে একটি জিডি দায়ের হলে পুলিশ অধিকতর তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নরসিংদি জেলার ভেলা নগর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে। সেই সাথে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রাইভেটকার ও সিএনজি চুরির একাধিক মামলা আছে বলে জনিয়েছেন এ কর্মকর্তা।
একাত্তর/আরবিএস