সুন্দরবনে হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারিদের হামলায় আহত হয়েছেন বনবিভাগের স্টেশন কর্মকর্তাসহ চার সদস্য। চোরা শিকারিদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের সময় এ ঘটনা ঘটে।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, গোড়া বাঁশতলা গ্রামের ফারুক হোসেন হাওলাদারের (৩০) নেতৃত্বে চার সদস্যের চোরা শিকারি দলকে আটক করতে সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারিদের একটি নৌকা আটক করা হয়।
এসময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে হরিণের দুইটি পাসহ ২০ কেজি হরিণের মাংস, দুই হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়।
পরে চোরা শিকারিদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সাথে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: কামারখন্দে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এতে স্টেশন কর্মকর্তা মো. শাহজাহানসহ তিন বন প্রহরী আঘাতপ্রাপ্ত হন। ফলে চোরা শিকারিদের কাউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই চোরা শিকারিদের আটকের জন্য বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
এই কর্মকর্তা আরও জানান, হরিণ শিকারিদের হামলায় আহত তিনিসহ চারজন কচুবুনিয়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।