মেহেরপুরের গাংনীতে ১৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় উপজেলার কামদেবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলো গাংনী উপজেলার গাড়বাড়িয়া গ্রামের মৃত পঞ্জত শেখের ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ চোর (৪২), সদর উপজেলার কালীগাংনী গ্রামের আনিছুর রহমানের ছেলে চলন আলী (৩০) ও কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে সাব্দুল ইসলাম (৪৮)।
এসময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, হরিরামপুর সীমান্ত দিয়ে মাদকের এটি বড় চালন শহরের দিকে আসছে- এমন খবরের ভিত্তিতে রাত দুইটা থেকে সদর উপজেলার কামদেবপুর গ্রামের স্কুলের পাশে অবস্থান নেয় ডিবির ওসি সাইফুল ইসলাম ও এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল। সকাল ছয়টার দিকে বেশ কয়েকজন মাদক কারবারি সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে। এসময় ওই তিনজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের সাথে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: থানচিতে র্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়
তিনি আরও জানান, এরা একটি সংঘবদ্ধ বড় মাদক সিন্ডিকেট। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের নামে এর আগে কোন মাদক মামলা আছে কিনা তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
একাত্তর/জো