দাদন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে র‍্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ। 

জানা গেছে, গ্রেপ্তার নজরুল শেখ (৩৮) শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের সেলিম শেখের ছেলে।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৩ নভেম্বর জেলার শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দাদন চোকদার শিবচর বাজার থেকে অটোতে বাড়ি ফিরছিলেন দাদন চোকদার। সেলিম শেখের বাড়ির সামনে আসলে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সেলিম শেখসহ ১০-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম পা কেটে বিচ্ছিন্ন করে ও কুপিয়ে হত্যা করে। 

ওইদিনই নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ১৫ জনসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। দাদন হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ‘দাদন চোকদার হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। পুলিশ এ মামলার বেশ কয়েকজন আসামিকে ধরতে সক্ষম হয়েছে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে সীমানা প্রাচীর ধ্বসে একজন নিহত

তিনি জানান, শনিবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি গ্রেপ্তারে র‍্যাব-৩ এর সহযোগিতা নিয়েছে পুলিশ। রোববার দুপুরে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়।


একাত্তর/এসজে