জাহাজের ধাক্কায় মেঘনায় ডুবলো পণ্যবাহী এমভি রোকনুর-১

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার দিকে যাওয়ার পথে এক জাহাজের ধাক্কায় ‘এমভি রোকনুর-১’ নামে আরেকটি জাহাজ ডুবে গেছে। 

মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নোয়াখালীর হাতিয়ার গাসিয়াচরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

ডুবে যাওয়া জাহাজটি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের দুই হাজার টন সিমেন্টের কাঁচামাল ক্লিংকার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো বলে জানা গেছে।

ডুবে যাওয়া জাহাজের মাস্টার জাকির হোসেন মিয়া সাংবাদিকদের  বলেন, রাতে ঘন কুয়াশার কারণে হাতিয়ার লোয়ার মেঘনা নদীতে নোঙর করি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে এমভি প্রগতি গ্রিন লাইন–১ এসে ধাক্কা দেয়। ধাক্কায় হ্যাচ ফেটে পানি ঢুকে আধা ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। এর আগে সবাই নদীতে ঝাঁপ দিই। যে জাহাজটি ধাক্কা মেরেছে, সেটিতে ওঠে প্রাণে রক্ষা পাই।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক সবুর খান জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে জাহাজ চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য বাতিসহ বয়া স্থাপন করা হয়েছে। সতর্কতার সঙ্গে ওই স্থানটি এড়িয়ে চলার জন্য নৌ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


একাত্তর/এসি