নরসিংদীতে রাস্তা পার হয়ে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে জেলার রায়পুরা উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আফসান সানি (৬)। সে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের আরমান মিয়ার ছেলে। সে স্থানীয় তাহেরুল উলুম নারায়ণপুর কওমি মাদরাসার ছাত্র ছিলো।
শিশুটির দাদা গছিকিন মিয়া জানিয়ছেন, সানিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনি প্রকৃয়া শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক ওসি মোজাম্মেল হক জানান, মাদরাসা ছুটির পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মহাসড়কটি অতিক্রম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক তাকে চাপায় দিয়ে ১০ থেকে ১৫ গজ হেঁচড়ে নিয়ে থামে। এতে তার শরীরের বিভিন্ন অংশ জখমসহ নাড়িভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে চালক ও ট্রাকটি আটক করে।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যা: একাত্তরকে যা বললো সন্তান মেঘ
তিনি জানান, স্থানীয়রা তাকে প্রথমে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ট্রাক ও চালক থানা হেফাজতে আটক রয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/এসি