২৬ দিন পর ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধার

মোংলা বন্দরের পশুর নদীতে সার নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এম ভি শাহজালাল এক্সপ্রেস ২৬ দিন পর উদ্ধার হয়েছে। ৫শ মেট্রিক টন সার গলে পানিতে মিশে যাওয়ায় কোনো সারই তোলা সম্ভব হয়নি। ডুবে যাওয়া কার্গো জাহাজটি উত্তোলন করেছেন মোংলার খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ। 

খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম চৌধুরী জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজটি দুর্ঘটনাকবলিত হওয়ার ২৬ দিন পর রোববার উদ্ধার করা হয়েছে। লোহার ওয়াররোপ দিয়ে সিলিং করে দুইপাশে পল্টুন বয়া বেঁধে ভাসিয়ে তোলা হয় জাহাজটিকে। এরপর ভাসিয়ে এনে জাহাজটি সোমবার সকালে বন্দর কর্তৃপক্ষের পরিদর্শক বাংলা পারিজাতের পিছনে পশুর নদীর চরে উঠিয়ে রাখা হয়েছে। এখান থেকে এটিকে খুলনায় ডকইয়ার্ডে নেয়া হবে বলেও জানান তিনি। 


কার্গো জাহাজ মালিক আজহার সিদ্দিক বাদশা বলেন, গত ২৪ জানুয়ারী হাড়বাড়ীয়ার ৯ নম্বর এ্যাংকোরেজের একটি বিদেশী জাহাজ থেকে সার বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে ঘন কুয়াশা ও প্রচন্ড স্রোতের তোড়ে ৮ নম্বর এ্যাংকোরেজে থাকা অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ মেট্টিক টন সার নিয়ে কার্গোটি ডুবে গিয়েছিলো। এরপর বন্দর কর্তৃপক্ষ ১৯ ফেব্রুয়ারীর মধ্যে কার্গোটি উত্তোলনের সময়সীমা বেঁধে দেন। সেই সময়ের মধ্যে আমরা স্থানীয় স্যালভেজ দিয়ে ওই জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে সমুদয় সার পানিতে গলে দ্রবীভূত হয়ে যায়। 


একাত্তর/এআর