বগুড়ায় বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো দুইজন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু। তারা হলেন, গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী, বালিয়াদীঘি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী, ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা, শাহানা আকতার ও তার শিশুকন্যা কেয়া মনি।

এর মধ্যে আহত শিশু কেয়ামনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা খন্দকার আব্দুল জলিল জানান, যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় সুজাবাদ দহপাড়ায় এলাকায় ডানে মোড় নেয়ার অটোরিকশাটির সাথে এটির সংঘর্ষ হয়। মুহূর্তেই অটোর চার যাত্রীর মৃত্যু হয়। পরে আহতাবস্থায় এক শিশুর মৃত্যু হয়।


কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস আলী জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিকসহ নিহত দুই

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/এআর/আরএ