কুমিল্লায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লার দেবীদ্বারের খাদঘর এলাকায় বিএনপির উত্তর জেলার নেতাকর্মীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। এসময় ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দি‌কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবী করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ড. মারুফ হোসেন।

এছাড়াও আহত দুই পুলিশ সদস্য হলেন শিপন হোসেন ও হাসান পারভেজ। তারা চান্দিনা থানায় কর্মরত বলে জানা গেছে।

এদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের আহত নেতাকর্মীরা হলেন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেনসহ মোট ৩৫ জন। তাদের চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন বলেন, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় একত্রিত হয়। এসময় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেল বক্তব্যে ব‌লেন আমরা নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করি। যখনই আমরা মহাসড়কে উঠতে যাচ্ছিলাম তখনই পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। ১৩ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। ৩৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কিনা এখনও জানিনা। পুলিশের এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, বিএনপি নেতারা পদযাত্রার নামে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ সময় চান্দিনা থানা পুলিশ ও দেবীদ্বারের ভানী ক্যাম্প পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও হামলা করে। চান্দিনা থানার দুই পুলিশ সদস্যকে আহত করে। আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।       

আরও পড়ুন: নীলফামারীতে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া         

এদিকে, গণতন্ত্র পুনরুদ্ধার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ সহ ১০দফা দাবিতে কুমিল্লায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠন। 

শনিবার বিকেলে নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপির প্রধান কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে নগরের রাজগঞ্জ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, সরকার মিথ্যাচার করছেন ভারতের সরকারের সাথে চুক্তি করে নাই। কোন ব্যক্তির সাথে সরকার চুক্তি করতে পারে না। ৪-৫ টাকা দামের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা। এ সরকারকে আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।


একাত্তর/এসজে