কলাপাড়ায় বাসের ধাক্কায় আহত বাইক আরোহীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মজিবর রহমান বেপারী (৪২) কুমিরমারা গ্রামের বাসিন্দা। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে পাম্পের তেল ক্রয়ের জন্য বের হন মজিবর। ঘুটাবাছা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। 

পরে আহত হয়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলে রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে  তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গলাচিপা পৌর শহরে আগুন, পুড়লো ছয় ঘর

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, তারা দুর্ঘটনার খবরটি জানেন না। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।


একাত্তর/এসজে