লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও দুইজন।
বুধবার (১ মার্চ) বিকেল ৪টায় লালমনিরহাট-মহেন্দ্রনগরের সাতপাটকি জোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অটোরিকশাচালক রেজাউল ইসলাম বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর খেদাবাগ গ্রামের মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের দিক থেকে অটোরিকশায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ি ও কুড়িগ্রাম অভিমুখে যাওয়ার সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই অটোরিকশাচালক রেজাউল ইসলাম মারা যান।
অপরদিকে আহত শিশুসহ তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। অন্য আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর হাত ভেঙে দিলেন স্বামী
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অটোরিকশা এবং ট্রাকের সংঘর্ষে দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে ট্রাকচালক পলাতক থাকায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
একাত্তর/এসজে