শিবচরে নছিমনে ইটবোঝাই ট্রলির ধাক্কা, শ্রমিক নিহত

মাদারীপুরের শিবচরে একটি নছিমনে ইটবোঝাই ট্রলির ধাক্কায় নছিমনের যাত্রী এক নির্মাণ শ্রমিক নিহত ও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ মার্চ) সকালে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত নির্মাণ শ্রমিক শরীফ হোসেন (২৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে। গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নিহত শরীফ ও তার সহকর্মীরা নছিমনে করে চরশ্যামাইলের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর ট্রলি বেপরোয়া গতিতে এসে নছিমনটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শ্রমিক শরীফ  মারা যান। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাদের ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই, আহত ৯

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত নছিমন ও ইটবোঝাই ট্রলিটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে অবৈধ যান দুইটির চালকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো