সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত, বাস ভাঙচুর

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে বাসটি আটকে ভাঙচুর করেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহরের পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম শরিফ হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। তাকে চাপা দেওয়া বাসটি এসআই পরিবহনের। 


সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাসটি আটকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি থানায় নিয়ে আসতে চায়। কিন্তু স্থানীয়রা এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: কারখানা মালিকসহ ১৬ জনের নামে মামলা

এ ঘটনায় বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি