চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে অবৈধভাবে পদ্মা নদীতে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের একজনকে একবছরের এবং বাকিদের ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (৮ মার্চ) সকাল ৪টায় শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর সাত্তারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ও সাজাপ্রাপ্তরা হলেন, ট্রাক্টর মালিক শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার মোস্তফার ছেলে আজিজুল (৪৫), একই এলাকার সাইফুলের ছেলে হেলাল (২৪) এবং আব্দুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম (২৫)।
এ সময় একটি বালুভর্তি ট্রাক্টরটি জব্দ করে আদালত।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি, নেতা নিহত
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর ছাত্তার ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ট্রাক্টরসহ বালু উত্তোলন সিন্ডিকেটের অন্যতম মূল হোতা আজিজুলকে (৪৫) এক বছরের কারাদণ্ড এবং অপর ২ জন বালু উত্তোলনে সহায়তাকারী হেলাল ও বারিউলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালু ভর্তি ট্রাক্টরটিও জব্দ করা হয়।
আদালতের বিচারক আরো জানান, কয়েক দফা অভিযানের পর অবৈধভাবে বালু উত্তোলন অনেকটা কমে গেলেও পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/আরএ