মধুমতিতে তাবলীগ জামাতের মুসল্লি তরুণের ডুবে মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই ঘন্টা পর মধুমতি নদী থেকে এক তাবলীগ জামাতের মুসল্লি তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (১০ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার গাড়ফা গোডাউন জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, শুভ (২৫) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোবারেকের ছেলে। তিনি মোল্লাহাটে তাবলীগ জামাতে এসেছিলেন।

মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে এক ঘন্টা চেষ্টা করে মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধারের পর মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, এ বিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো