পুলিশের পোশাক ও হাতকড়াসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ড ও হাতকড়াসহ এক ভুয়া পুলিশ সদস্য আটক হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকালে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার শাকেরদাহ গ্রামের উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত সোহেল রানা (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানাধীন শাকেরদাহ উত্তরপাড়া থেকে তার নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেল রানা নামের এক প্রতারককে আটক করা হয়েছে। সেই সাথে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ২০৭ নং রুম থেকে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ড, হাতকড়াসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

এর আগে, গত ১০ মার্চ মেহেরপুর সদর থানার এস আই সুমন পরিচয় দিয়ে প্রতারক সোহেল রানা উপজেলার বারাদী গ্রামের সবুজ আলীর মোটর গ্যারেজ থেকে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, তিন জনের যাবজ্জীবন

এ ঘটনায় সবুজ আলী মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোহেল রানা ওরফে সুমন আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


একাত্তর/জো