মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তাহমিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, শহিদুল ইসলাম তাঁর আগের চারটি বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখে প্রায় ২৪ বছর আগে মেহেরপুরের সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ দুই লাখ টাকা ও একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেছিলেন। দাম্পত্য জীবনে তাঁদের সংসারে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তীতে পরকীয়ার জেরে আনোয়ারা খাতুন নামের অন্য এক নারীকে গোপনে বিয়ে করেন শহিদুল। অভিযোগ রয়েছে, নতুন স্ত্রীর প্ররোচনা ও কুপরামর্শে তিনি প্রথম স্ত্রী তাহমিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং তালাক দেওয়ার চেষ্টা করেন।
পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন শহিদুল। বাড়িতে নিয়ে আসার মাত্র তিন দিন পর অর্থাৎ ১৫ মার্চ তাঁর ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাহমিনা ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তা ‘আত্মহত্যা’ বলে এলাকায় অপপ্রচার চালানো হয়।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির প্রাথমিক তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার পাল। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্বভার গ্রহণ করেন।
ময়নাতদন্তের প্রতিবেদনসহ পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
আদালতে মামলার বিচার চলাকালীন মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও উভয় পক্ষের দীর্ঘ আইনি যুক্তি তর্কের পর বিচারক শহিদুল ইসলামের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন। দীর্ঘ এই আইনি লড়াইয়ের পর এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা।
রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তারি পরোয়ানা
কৃষকদল নেতার বাড়িতে মিললো কষ্টিপাথরের শিবলিঙ্গ
পাখি শিকার রোধে বাগেরহাটে প্রচার ও অভিযান শুরু
উচ্চ শব্দ নিয়ে বিরোধে ফয়সাল হত্যায় আলামিন গ্রেপ্তার
মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিন