নোয়াখালীতে ৯৭০ ইয়াবাসহ ছদ্মবেশী নারী আটক

নোয়াখালীতে এক অভিযানে ৯৭০টি ইয়াবাসহ এক ছদ্মবেশী নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টার সময় মাইজদীর আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আলেয়া বেগম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার আরেফিননগরের মৃত সফি আলমের স্ত্রী। তিনি ওই এলাকার আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, সকাল ১০টার সময় মাইজদীর আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে ভবঘুরে বেশে রাস্তায় ঘোরাঘুরি করা নারী আলেয়া বেগমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তার ভিতরে বালিশের মধ্যে রাখা ৯৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ছদ্মবেশে বেগমগঞ্জের চিহ্নিত মাদক কারবারি মাঈন উদ্দিন মানুর কাছে ইয়াবা পৌঁছে দিতে চট্টগ্রাম থেকে নোয়াখালী আসেন।

আরও পড়ুন: পিক‌আপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আটককৃত ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে তাকে নোয়াখালী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/জো