পিরোজপুরের ভান্ডারিয়ায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি গ্রামের মোল্লাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশুরা হলো মোল্লাবাড়ির ওসমান গনির পুত্র হাসিবুল মোল্লা (১১) ও তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের পুত্র নুর মোহাম্মদ আলী (১০)। তারা দুইজনই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও সম্পর্কে মামা-ভাগ্নে।
মৃত নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানায়, বিকাল চারটার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে যায় তারা। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর খাল থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিত হাসান জানান, শিশু দুইজনকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন: দুমকিতে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো