নির্বাচন বানচালের অপচেষ্টায় বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন বিএনপির একটিই অপচেষ্টা, সেটি হলো নির্বাচন বানচাল করা। তারা রাষ্ট্র ক্ষমতায় আসবেনা জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা। কিন্তু ওই পথ বন্ধ। 

শুক্রবার (৩১ মার্চ) সকালে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য তিনতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সুধি সমাবেশে তিনি একথাগুলো বলেন।  

মন্ত্রী বলেন, যারা এতিমের টাকার লোভ সামলাতে পারেনা, তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না।  

তিনি তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি এতিমের টাকা চুরি, অর্থ পাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান হত্যা মামলার আসামি।  

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে রাখেন। পাকিস্তান জন্মের পর থেকে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

আরও পড়ুন: ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ, ১৫ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদী ভাঙন। করোনা মহামারীর কারণে এই সমস্যা সমাধান হয়নি। আমি আশা করি আগামী নির্বাচনের আগে দ্রুত এই সমস্যার সমাধান হবে। এজন্য শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান তিনি। 

হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য  মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ আরও অনেকে। 


একাত্তর/এসি