জামালপুরের সরিষাবাড়ীর টাকুরিয়ায় ২০ বছরেও শেষ হয়নি একটি ব্রিজের কাজ। দুই জেলার ২০ হাজার মানুষের দুর্ভোগ কমাতে পরিত্যক্ত পিলারের ওপরই কাঠের পাত আর স্টিল দিয়ে নতুন করে তৈরি হয়েছে ব্রিজ।
সরেজমিনে দেখা গেছে, পিলারগুলো হয়েছিলো কেবল। তারপর অজানা কারণে কাজ শেষ হয়নি জিয়া খালের উপর ব্রিজ নির্মাণের কাজ। আর এতে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে, জামালপুর ও সিরাজগঞ্জের অন্তত ২০ গ্রামের মানুষ।
জানা গেছে, বিশ বছর ধরে সরিষাবাড়ী উপজেলার টাকুরিয়া, মালিপাড়া, ব্রাহ্মনজানী, মানিক পটল, বিন্নাফৈর, চর সরিষাবাড়ী এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর,শালগ্রাম, মাজনাবাড়ীসহ ২০ হাজার মানুষ এমন দুর্ভোগ পোহাচ্ছে।
জামালপুর জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক জানান, এরমধ্যেই এর অবকাঠামো পরিত্যক্ত হয়েছে। ব্রিজটির কাজ এলজিইডি শুরু করেছিলো, এমন কোন নথি পাওয়া যায়নি!
সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ পরিত্যক্ত পিলারের ওপরই সাময়িক একটি ব্রিজ তৈরি করেন। যা গত রবিবার থেকে ব্যবহার করছেন এখানকার মানুষ। এলাকার মানুষ সাময়িক এই সমাধানে খুশি হলেও, ঠিকাদারকে খুঁজে বের করে শাস্তি দেয়ার পাশাপাশি ব্রিজের স্থায়ী নির্মাণের দাবি তোলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন
পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়ায় ২০০২ সালে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
একাত্তর/জো