সিলেটে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত, পুলিশসহ আহত ১০

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্য ১০ জন।

বুধবার রাত ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিক্রম চন্দ্র মণ্ডল (২৯) ও পুলক রায় (৩০)। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টায় পুলিশের একটি পিকআপ কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলো। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের। এ সময় ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল।

মোটরসাইকেলটি এর তিন আরোহীসহ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় নিহত হন।

এ সময় আহতাবস্থায় বাকি দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিক্রম চন্দ্র মণ্ডলের।

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুনের সূত্রপাত যেভাবে

আহত ফয়সাল নামের অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, পিকআপচালকসহ ১০ জন সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ