কোটি টাকা ও ডলারসহ মানব পাচারকারী গ্রেপ্তার

কুমিল্লায় মানব ও মুদ্রা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ডলারসহ প্রায় সোয়া কোটি টাকা ও সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।

জানা গেছে, গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। 

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, বুধবার রাতে আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী তিন কারবারি আটক

পরে তার তথ্যমতে তার বাড়িতে গিয়ে একটি ট্রাঙ্কের ভেতরে রাখা এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং পাঁচ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, দীর্ঘদিন ধরে মানব ও মুদ্রা পাচার করে এই টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন জাহাঙ্গীর। তার বিরুদ্ধে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।


একাত্তর/এসজে