সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগের কর্মীরা।
শনিবার ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা।
জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মো. অসীম শেখ (৩৫), মো. জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এসময় তাদের কাছে সুন্দরবনে মাছ শিকারের কোনও পাশ পারমিট (বনবিভাগ কর্তৃক অনুমতি পত্র) ছিলো না। তবে তাদের কাছ থেকে মাছ শিকারের অবৈধ জাল, কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ এবং হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, একদল অসাধু জেলে বেশ কিছুদিন ধরে বেপরোয়া হয়ে উঠেছে। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছে।
আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা অস্ত্র কারবারি আটক
তিনি জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোন পাশ পারমিট ছিলনা।
এ ঘটনায় তাদের নামে বন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।
একাত্তর/এসজে