সিলেটে এক দিনে দুই দফা বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে বজ্রপাতে দুই শিশু এবং বিকেল সাড়ে চারটার দিকে জৈন্তাপুর ইউনিয়নের চার নম্বর বাংলা বাজার বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় এক শিশুর মৃত্যু হয়।
তারা হলো- বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) এবং জৈন্তাপুর ইউনিয়নের চার নম্বর বাংলা বাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)।
এলাকাবাসী জানিয়েছেন, শিশু দুটি আম কুড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে। তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।
এদিকে একইদিন বিকেলে সাড়ে চারটার দিকে জৈন্তাপুর ইউনিয়নের বজ্রপাতের কবলে পড়ে ইমন। স্থানীয়রা জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সবচেয়ে বড় ঈদ জামায়াতে প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ
বজ্রপাতের ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। তিনি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি শিশুর পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
একাত্তর/এসি