চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর গ্যাংয়ের মারামারিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।
ফুচকা খাওয়ার সময় চেয়ারে বাসাকে কেন্দ্র করে রোববার রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও জেলা শহরের মসজিদপাড়া মহল্লার মনিরুল ইসলামের ছেলে মো. ফাহাদ (১৬)।
একই গ্যাংয়ের আরেক গুরুতর আহত কিশোর মিস্ত্রিপাড়া মহল্লার আশরাফুল ইসলামের ছেলে মো. ইমন (১৭)। ইমন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের বন্ধু, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের মসজিদপাড়া ও সদর উপজেলার বারোঘরিয়ার দুই কিশোর গ্যাংয়ের মধ্যে পূর্ব শত্রুতার জেরে রোববার সন্ধ্যার পর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নিচে ফুচকার দোকানে চেয়ারে বাসাকে কেন্দ্র করে মারামারি ও হাতাহাতি হয়।
এসময় টিপ চাকু দিয়ে বারঘোরিয়া এলাকার গ্যাংয়ের সদস্যরা ফাহাদের পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় সে। আহত হয় ইমন।
আহত ইমন জানায়, অপর কিশোর গ্যাংয়ের সদস্য মেরাজ, রাহাতসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালায়।
হাসপাতাল সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা ও নিহত ফাহাদের বন্ধুরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ফাহাদের বন্ধু ও প্রত্যক্ষদর্শী রায়হান এবং নিসান জানান, আগে থেকেই ঐ দুই গ্রুপের মধ্যে ঝামেলা ছিলো। এনিয়ে বহুবার হাতাহাতি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বলেন, গতকাল তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। এনিয়ে আজকে আবারো হাতাহাতি হয়। এক পর্যায়ে ছুরি মেরে দেয়। দুই কিশোর গ্যাংয়েরই ১০ থেকে ১২ জন করে মারামারিতে অংশ নিয়েছিল বলে জানান তিনি।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফাহাদের মৃত্যু হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আরও পড়ুন: ঈদে বাইকের গতিতে দুর্গতি, রাজবাড়ীতে আহত পাঁচ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ছুরিকাঘাতে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
একাত্তর/আরএ