ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে সাবেক সচিব, ঢাকা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় উপদেষ্টা মেজবাহ উদ্দিনের গণসংযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় স্থানীয় এক সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে চরফ্যাশন ও শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব মেজবাহ উদ্দিন গণসংযোগ করতে যান। গণসংযোগকালে পিছন থেকে মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাথারীভাবে পিটিয়ে মেজবাহ উদ্দিন সমর্থিত অন্তত ১৫ জনকে আহত করে। এসময় দক্ষিণ আইচা থানা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের সময়ের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি আদিত্য জাহিদ ও তার পুত্র রক্তাক্ত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
সাবেক সচিব মেজবাহ উদ্দিন জানান, তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে চেয়ারম্যান বাজারে মানুষের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময় করছিলেন। এসময় চরফ্যাশন থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে হঠাৎ করে পিছন থেকে সন্ত্রাসীরা এসে অতর্কিতভাবে হামলা চালায়। প্রথমে স্থানীয়রা প্রতিরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: সৌদি-মার্কিন মধ্যস্থতায় সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি
এ হামলায় অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছে এবং তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
একাত্তর/আরবিএস