চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরকারবারি সন্দেহে দুই জনকে ধাওয়া দেওয়ার পর তাদের ফেলে যাওয়া ৩১টি পেট্রল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩০ এপ্রিল) ভোর তিনটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বটতলী আম বাগান এলাকার সীমান্ত থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটেলিয়ন।
বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যে বিশেষ টহল দল সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় চোরাকারবারি সন্দেহে দুই জনকে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩১টি পেট্রল বোমা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: বিষ খাইয়ে সন্তান হত্যার দায়ে মায়ের ফাঁসি
সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
একাত্তর/এসি