ব্রাহ্মণবাড়িয়া নিজ বাড়ির ছাদ থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) সকালে জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারনা, আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে শিশুটি মারা গেছে। তবে পুলিশ বলছে, শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত শিশুটির নাম সুমাইয়া আক্তার (৮)। সে ওই এলাকার মৃত আছমত আলীর মেয়ে।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার (৫ মে) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সুমাইয়া। পরে আত্মীয়-স্বজনসহ আশপাশে খুঁজে না পেয়ে মাইকিং করা হয়।
সকালে এক শিশু ছাদে আম পাড়তে গেলে সুমাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: ফলে ইয়াবা ভরে বিক্রি, ৪৫০০ পিসসহ গ্রেপ্তার দুই
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট করা হয়েছে। তার শরীরে কিছু অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এসি