নড়াইলে পল্লী চিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তেলিডাঙ্গা গ্রামে ওই পল্লী চিকিৎসক বাড়ি থেকে চান্দেরচর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আমিনুল ইসলাম (৪২) তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন আমিনুল। এসময় পথে ওত পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে। 

স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান আমিনুল। 

আরও পড়ুন: গাংনীতে ভ্যানচালক হত্যায় চাচাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, আমিনুল হত্যার ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এ হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে