মেহেরপুরের গাংনীতে ভ্যানচালক আব্দুল আলিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের গাইনপাড়ার সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল সকালে চাচাতো ভাই ও ভাতিজার হাতে খুন হন ভ্যানচালক আব্দুল আলীম।
এ ঘটনায় নিহতের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় আসামি হলেন সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু।
আরও পড়ুন: নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু
ওসি আরও জানান, আসামিরা দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়র বাড়ি অবস্থান করছিল। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশের একটি দল তাদেরকে গ্রেপ্তার করে।
শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
একাত্তর/এসজে
