জয়পুরহাটেও কার্যক্রম চালাচ্ছে শতাধিক কোচিং সেন্টার

সরকারি নির্দেশনা উপেক্ষা করে জয়পুরহাটেও প্রায় শতাধিক কোচিং সেন্টারে কার্যক্রম চালু রেখেছে।

শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের পড়াশোনা স্বাভাবিক রাখতে ক্লাস নেয়া হচ্ছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন, জেলা শিক্ষা কর্মকর্তা।

জয়পুরহাটের বদর মাস্টার রোড, হাজী মাদরাসা সড়ক সহ আশপাশের এলাকা পরিচিত কোচিং পাড়া হিসেবে। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কিন্তু সরকারি নির্দেশনা না মেনে, প্রশাসনের কয়েক দফা অভিযানের পরও এসব এলাকায় একশ’র বেশি কোচিং সেন্টারে ক্লাস চলছে।

এসব কোচিং সেন্টারের শিক্ষকরা জানান, পরীক্ষা শুরুর কয়েকদিন কোচিংয়ে বন্ধ রাখা হয়েছিল। কিন্তু অভিভাবকদের চাপে ও শিক্ষার্থীদের পড়াশোনা স্বাভাবিক রাখতে ক্লাস নেয়া শুরু হয়।

জেলার শিক্ষাবিদরা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া কম হওয়ায় শিক্ষার্থীরা এখন কোচিং সেন্টারমুখী।

আরও পড়ুন: আগৈলঝাড়ায় শিশু ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

তবে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কোচিং সেন্টার খোলা রাখার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই বেশিরভাগ কোচিং সেন্টারের মালিক।

একাত্তর/আরএ