রাজবাড়ীতে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বিএনপির জনসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলার প্রেসক্লাব চত্বরে আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ের সামনে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
পুলিশ জানায়, শনিবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত জনসমাবেশের আয়োজন করে বিএনপি। অপরদিকে সকাল ১০টা থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। দুই দলের দলীয় কার্যালয় একই স্থানে হওয়ায় দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির কাউন্সিল সদস্য জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, বিএনপি কার্যালয়ে প্রবেশের পথে তার গাড়িতে চারটি লাঠির আঘাত করা হয়েছে।
জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না বলে ঘোষণা দেন তিনি।
অপরদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু জানান, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে আসার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে আসলে তারা হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।
এসময় খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন এখন টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি তানভীর মাহমুদ ও গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খোন্দকার রবিউল ইসলাম।
পরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ।
আরও পড়ুন: পটুয়াখালীতে সংঘর্ষের পর বিএনপির সমাবেশ পণ্ড
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান জানান, দুই দলের কর্মসূচীকে কেন্দ্র করে পরিবেশ উত্তপ্ত হলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো