রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আর অন্তত ১২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
শনিবার রাতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক এসআই মাহাবুব আলম। ইতিমধ্যে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় রাজবাড়ীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণ করে। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরে উত্তেজনা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সজ্জনকান্দা এলাকার বাস ভবন থেকে একটি শোভাযাত্রা হয়। এ সময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপি নেতাকর্মীরা তাদের ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজবাড়ীর দুই সংবাদকর্মী আহত হন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, হামলার ঘটনায় মামলার পর পৌরসভার কাউন্সিলর ও মহিলা দলের যুগ্ম আহবায়ক ফারজানা ইয়াসমিন ডেইজিসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/এসি