ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় রহমত উল্যাহ ওরফে খোকন নামের এক যুবককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যার অভিযোগে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তিন জনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- শৈলকূপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সাইফুল ইসলাম পাভেল, ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আলো, খাজুরা জোয়ার্দ্দার পাড়ার আসলাম, ইমরান, সাদ্দাম ও পবহাটি এলাকার রাসেল।
তাদের মধ্যে পাভেল, আলো ও রাসেল পলাতক। এছাড়া ফিরোজ নামে এক আসামির মৃত্যুতে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১০ সালের ১৬ এপ্রিল হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে এক ব্যক্তি মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা, খুঁজছে পুলিশ
এ ঘটনায় ওই দিন নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে তদন্ত কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় ঘোষণা করেন।
একাত্তর/এসি