কুমিল্লায় ১০ দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। মহানগর নেতাদের দাবি, পুলিশ বাধা দিলে তারা আর পদযাত্রা করতে পারেননি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পদযাত্রাটি নগরের ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এটি চকবাজারের উদ্দেশে বের হলে ভিক্টোরিয়া কলেজ রোডে লিবার্টির সামনে পুলিশ বাধা দেয়।
এসময় মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন।
এসময় বক্তরা বলেন, যতো বাধাই আসুক, কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সংক্ষিপ্ত ওই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর যুবদলের আহবায় ফয়সালুর রহমান পাভেলসহ জেলা, মহানগর, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ
এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, যানজট ও জনগণের নিরাপত্তার স্বার্থে পদযাত্রাটি নগরের প্রধান সড়ক কান্দিরপাড়ে আসতে দেওয়া হয়নি। তবে বিএনপি কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে দেওয়া হয়েছে।
একাত্তর/এসি