মুক্তিযোদ্ধাকে পুড়িয়ে হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

রোববার বিকেলে রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তি হলেন তাজুল ইসলাম তানু (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১০ অধিনায়ক জানান, ২০১৩ সালের ১০ ডিসেম্বর কোন্ডা ১০ শয্যা হাসপাতালের ভেতর আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১২ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তানুসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। উক্ত অভিযোগের ভিত্তিতে আদালতে সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। 

এরপর ২০২০ সালের ২ ফেব্রুয়ারি আসামি তাজুল ইসলাম তানু, গুলজার, মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু ও মো. আসিফকে আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। 

এদের মধ্যে তানু, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু ও মো. আসিফ পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন। তবে অন্যান্য আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানু আত্মগোপনে চলে যান। 

অবশেষে রোববার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে তানুকে গ্রেপ্তার করে। 

জিজ্ঞাসাবাদে তানু জানান, নির্বাচনের প্রার্থিতা ও আওয়ামী লীগের সভাপতির পদ নিয়ে কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীর সাথে গুলজারের বিরোধ চলছিল। 

আরও পড়ুন: নড়াইলে পূর্ব শত্রুতার জেরে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

এই শত্রুতার জের ধরে তানু ও গুলজারসহ অন্যান্য আসামিরা মিলে শম্পা নামে এক নারীর মাধ্যমে আতিকুল্লাহ চৌধুরীকে হাসপাতালে ডেকে আনেন। পরে রাতের আঁধারে পেট্রোল দিয়ে আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে হত্যা করেন তারা।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে