কুমিল্লায় পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ১০ জনকে আটক করেছে। যুবদল নেতাদের দাবি, এসময় তাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল কুমিল্লা মহানগর ও জেলা যুবদল।
বিনা উসকানিতে পুলিশ তাদের সমাবেশ পণ্ড করেছে অভিযোগ করে দলটির নেতারা বলেন, একটি মিছিল কান্দিরপাড়ের দিকে যেতে থাকলে পুলিশ তাতে বাঁধা দেয়। এনিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে আওয়ামী লীগ: ফখরুল
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ভিক্টোরিয়া কলেজ রোড কান্দিরপাড় এলাকায় পুলিশ দাঁড়িয়ে ছিলো। পুলিশ নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহবান জানায়। কিন্তু মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। আত্মরক্ষায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের ওপর হামলার দায়ে ১০ যুবদল কর্মীকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কান্দিরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।
একাত্তর/এসি