নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় আলাদা দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার জেলার সাপাহার উপজেলার পূর্ণভবা নদীতে ও পুকুরে আলাদা দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের মেয়ে হাবিবা খাতুন (২) ও  কলমুডাঙ্গা (কুর্তিপাড়া) গ্রামের আমিনুল ইসলামের ছেলে আসাদুল (৭)।

পাতাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, সকালে নিজ বাড়ির উঠানে খেলছিল হাবিবা । এ সময় প‌রিবারের লোকজন বাড়ির পাশে জমিতে কৃ‌ষিকাজে করছিলেন। হাবিবার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে উঠানের পাশের পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে তার দেহ ভেসে ওঠে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে পূর্ণভবা নদীর তীরে আসাদুল হকসহ শিশুরা খেলাধুলা করছিলো। কোনো এক সময় সে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে। এ সময় স্থানীয়রা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, একই দিনে পা‌নিতে ডুবে দু‌ই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে । দুই প‌রিবারের লোকজনের অ‌ভিযোগ না থাকায় আলাদা দু‌টি অপমৃত্যু মামলা করা হয়েছে।  


একাত্তর/এসি