চনাপাড়ায় শমসের আলী খান বিজয়ী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ আলোচিত কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চনপাড়া উপ-নির্বাচনে শমসের আলী খান বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। হাতি প্রতীকে তিনি পেয়েছেন তিন হাজার ৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী টিউবওয়েল প্রতীকে নুর আলম মুন পেয়েছেন তিন হাজার ১৯৭ ভোট।

রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজাল্লি ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে  ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে রূপগঞ্জে আলোচিত এই ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব, ১৩ প্লাটুন পুলিশ, ২০০ আনসার সদস্যসহ বিপুল সংখ্যা সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহানীর সদস্য দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া নির্বাচন পরবর্তী যেন কোন প্রকার সহিংসতা না ঘটে সেজন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করবেন।

তিনি আরও বলেন, বিগত দিনেও ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। 

এ  ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার সাত জন। ১০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এখানে মোট প্রার্থী ছিলেন ১৬ জন।

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চনপাড়া বস্তিতে অভিযান চালায়। এসময় সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরে র‍্যাব অভিযান  চালিয়ে বিদেশি পিস্তল, হেরোইন ও জাল নোটসহ বজলুর রহমানকে গ্রেপ্তার করে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চলতি বছরের ৩১ মার্চ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ওই ওয়ার্ডটির সদস্য পদ শূণ্য হয়।


একাত্তর/এসি