নোয়াখালীতে করোনার ঊর্ধগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৫৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জন শনাক্ত হওয়ায় নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। জেলায় মোট আক্রান্তের হার ১১ দশমিক ১ শতাংশ।
এদিকে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। মৃত্যুর হার এক দশমিক ২৩ শতাংশ।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ জন সদর উপজেলার, বেগমগঞ্জের ২৬ জন, কবিরহাটের ১৫ জন, কোম্পানীগঞ্জের আটজন, চাটখিলের চারজন, সেনবাগের তিনজন, সুবর্ণচরে দুইজন, সোনাইমুড়ীর ২ জন, হাতিয়ার একজন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এপর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৪২ শতাংশ।
এদিকে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ১০২ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তি রয়েছেন ৩৮ জন ও আইসোলেশনে রয়েছেন ১৪ জন।
আরও পড়ুন: বাগেরহাটে প্রথম দিনের বিধি-নিষেধে প্রশাসনের কড়াকড়ি
নোয়াখালীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম একাত্তকে জানান, প্রশাসন প্রতিনিয়ত চেষ্টা করছেন করোনা নিয়ন্ত্রণে রাখার।
জেলা প্রশাসক জানান, সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা এলাকায় প্রতিনিধি পাঁচজন নির্বাহী ম্যাজিস্টেট কাজ করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
মানুষকে সচতেন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনা না চলার কারণে প্রশাসনের দ্বারা জরিমানাও করা হচ্ছে জানিয়ে খোরশেদ আলম আরও বলেন, তারপরও মানুষ উদাসিন।
একাত্তর/আরএইচ